যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৮২ লাখ টাকা
যানজটে দুর্ভোগে ঘরমুখো যাত্রীরা
ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৮:১৩ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১৮:১৪
ঈদযাত্রার বাড়তি চাপের মধ্যেই গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা। তবে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী যান চলাচল নিয়ন্ত্রণ করায় সেতুর পশ্চিম পাড়ে দীর্ঘ যানজট ও দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রীরা।
বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ সামাল দিতেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকামুখী লেনে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুপুরের আগে যমুনা সেতুর পশ্চিম পাড়ের টোল প্লাজায় ঢাকামুখী যানবাহনের টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মূলত উত্তরবঙ্গগামী যান চলাচল সচল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর ফলে পশ্চিম পাড়ে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, উত্তরবঙ্গগামী যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় সেটি নিয়ন্ত্রণে সেতু কর্তৃপক্ষ দুপুরের আগে পশ্চিম পাড়ের টোল প্লাজার কার্যক্রম বন্ধ রাখে। পরে দুপুরের পর আবার চালু করা হয়। কিন্তু এর মধ্যেই সায়দাবাদ এলাকায় ঢাকাগামী যানবাহনের বড় জট তৈরি হয়। টোল চালু হলেও এখনো ঢাকা ও উত্তরাঞ্চলমুখী উভয় দিকেই যানবাহনের চাপ রয়েছে।
বিকেল পর্যন্ত পশ্চিম পাড়ে কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলতে দেখা যায়। কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের সদস্যদের মহাসড়কে তৎপর থাকতে দেখা গেছে। বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোনে ধারণ করা যানজটের চিত্রও প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত ২৩ জেলার মানুষের প্রধান যাতায়াতপথ যমুনা সেতু। সাধারণ সময়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে তা বেড়ে ৫০ থেকে ৬০ হাজারে পৌঁছে যায়। অতিরিক্ত এই চাপই প্রতিবছর ঈদযাত্রায় ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
- বিষয় :
- ঈদযাত্রা
- যমুনা সেতু
- টোল আদায়
