ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
×

ঈদ-উল আজহার ছুটিতে ক্রমেই ফাঁকা হয়ে আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবিটি মহাসড়কের জেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে বুধবার বিকালে তোলা।

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ২১:৫০

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। সকল শঙ্কা ও উদ্বেগ কাটিয়ে এবারের ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে মহাসড়ক। একই চিত্র দেখা গেছে ঢাকা-নোয়াখালী-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট সড়কেও।

বুধবার বিকেলে সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা ও কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে তেমন যানজট নেই। যাত্রীবাহী বাসের তুলনায় ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চলাচল ছিল বেশি।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের সুপারভাইজার আবদুল খালেক বলেন, ‘আজ রাস্তায় গাড়ি কম। গতকাল যাত্রীর চাপ বেশি থাকলেও আজ অনেকটাই কমেছে। যানজট না থাকায় মাত্র দুই ঘণ্টায় ঢাকা থেকে কোটবাড়ি বিশ্বরোডে পৌঁছেছি।’

হাইওয়ে পুলিশ জানায়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরি পণ্যবাহী কিছু যানবাহন চলাচল করছে। যানজটপ্রবণ ২৫টি পয়েন্ট চিহ্নিত করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা বাস মালিক গ্রুপের সভাপতি মো. তাজুল ইসলাম সমকালকে বলেন, ‘কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-সিলেট ও কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী সড়কে যানজট নেই। এসব সড়কে চলাচলকারী বাসে যাত্রীও কম। যানজট না থাকায় বাসগুলি যথাসময়ে গন্তব্যে পৌছতে পেরেছে।’

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘পুরো রিজিয়নে প্রায় এক হাজার হাইওয়ে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। বুধবার কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। ভোগান্তি ছাড়াই মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন।’

আরও পড়ুন

×