ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
×

ছবি: সমকাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ০৯:৫৭ | আপডেট: ২৮ মে ২০২৬ | ০৯:৫৮

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. খালিদ। জামাতে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রথম জামাত শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ঈদের নামাজ উপলক্ষে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তিনটি জামাতে প্রায় পাঁচ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

প্রতিটি জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও সমাজ থেকে সহিংসতা-অপরাধ দূর করার জন্যও দোয়া করা হয়।

ঈদ জামাতকে ঘিরে বিশ্ব ঐতিহ্যের এই মসজিদ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ, টুরিস্ট পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

এছাড়া বাগেরহাট শহরের বিভিন্ন জামে মসজিদেও সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

×