বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১১:১৩ | আপডেট: ২৮ মে ২০২৬ | ১১:১৭
সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’
কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর উদ্ধৃতি টেনে তিনি বলেন, ‘ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।
ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
