গোপালগঞ্জ
‘মেয়ে-জামাই-নাতির এমন মৃত্যু সহ্য করতে পারছি না’
পরিবারের সদস্যদের মৃত্যুশোকে ভেঙে পড়েন মো. খালেক। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৯:১৬ | আপডেট: ২৮ মে ২০২৬ | ২১:৪১
ঈদের দিনে গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)। পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গ্রামে বেড়াতে আসছিলেন তারা।
খবর পেয়ে বিকেল ৫টার পর গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন নিহত গৃহবধূ খাদিজা খাতুনের বাবা মো. খালেক ও ভাই মেহেদী হাসান। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
মো. খালেক জানান, তার গ্রামের বাড়ি কলারদোনিয়া গ্রামে। একই গ্রামের সোহাগের সঙ্গে মেয়ে খাদিজাকে ১৬ বছর আগে বিয়ে দেন। তাদের দুটি ছেলে আছে। বড় ছেলের নাম রহমতউল্লাহ (১৪) এবং ছোট ছেলে আরমান (৬)।
তিনি আরও জানান, মেয়ে স্বামী ও ছেলে আরমানকে নিয়ে ঢাকায় থাকত। স্বামী পোস্তগোলায় কাঠের আড়তে ট্রাকে কাঠ লোড-আনলোড শ্রমিকের কাজ করেন। বড় নাতি রহমতুল্লাহ গ্রামে থেকে লেখাপড়া করে।
তিনি বলেন, সকাল ১১টার দিকে তাদের সঙ্গে আমার শেষ কথা হয়। তখন তাদের গাড়ি ভাঙ্গায় বলে জানায়। তারপর অনেকবার ফোন দিয়েছি। কিন্তু ফোন ধরেনি। মৃত্যুর সংবাদ পেয়ে এসেছি।
‘আমার মেয়ে-জামাইয়ের সংসার শেষ হয়ে গেল। রহমতুল্লাহ এতিম হয়ে গেল। আমি মেয়ে-জামাই-নাতির এমন মৃত্যু সহ্য করতে পারছি না’- এই বলে মরদেহের পাশে গড়াগড়ি করছিলেন তিনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহীসহ ৪ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ৬ বছরের শিশু আরমানের মৃত্যু হয়। আহত হয় আরও ২৫ বাসযাত্রী।
পুলিশ সুপার আরও জানান, ১১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
- বিষয় :
- ঈদুল আজহা
- সংঘর্ষে নিহত
- সড়ক দুর্ঘটনা
