যৌতুক না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
গ্রেপ্তার দুজন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৫:১০
পাবনার ঈশ্বরদীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে মাথা ন্যাড়া করে দিয়েছেন তার স্বামী ও ননদ। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে প্রায়ই গৃহবধূর কাছে যৌতুক দাবি করতেন তার স্বামী। দিতে না পারলে নানা নির্যাতন করা হতো। গৃহবধূ এর আগেও বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দিয়েছেন। কিছুদিন যাওয়ার পর আবার টাকা চান তার স্বামী। দিতে না পারায় আবার নির্যাতন করেন।
গৃহবধূ বলেন, ‘আমার স্বামী প্রায়ই যৌতুক দাবি করেন। দিতে না পারলে নির্যাতন করতেন। ২৪ মে–ও মারধর করেন। ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার) রাতে আবারও বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দেওয়ার জন্য স্বামী ও তার বোন চাপ দেন। আমি রাজি না হওয়ায় নির্যাতন করেন। পরে দুজন মিলে আমার মাথা ন্যাড়া করে দেন।’
খবর পেয়ে গৃহবধূর পরিবারের সদস্যরা গিয়ে তাকে ঈশ্বরদী থানায় নিয়ে যান।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে বাবুলচারা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
