ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দৌলতদিয়া

চাঁদা নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগে মামলা, আহত ১

চাঁদা নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগে মামলা, আহত ১
×

প্রতীকী ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৬:৫৭ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৬:৫৯

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মো. ইয়াকুব পাল (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার মৃত আ. করিম পালের ছেলে।

গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে দৌলতদিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান ও তার দুই ছেলেসহ পাঁচজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আহতের ভাই মো. শহিদ পাল। তবে অভিযুক্তদের দাবি, তাদের খাবার হোটেলে চাঁদা দাবি করায় উল্টো এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার বাদী ও রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদ পাল জানান, তার ভাই মো. ইয়াকুব পাল সম্প্রতি দৌলতদিয়া পূর্ব পাড়ায় (যৌনপল্লী) একটি বাড়ি ক্রয় করেন। এরপর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তার ভাইয়ের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল। ঈদের দিন রাতে তার ভাই পূর্বপাড়ার একটি খাবারের দোকানে খাবার খাচ্ছিলেন। এ সময় মামলার আসামিরা পুনরায় তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইয়াকুব পালকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানান তার ভাই শহিদ পাল।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান বলেন, তার জামাতা মো. হুমাই শেখ সম্প্রতি দৌলতদিয়া পূর্ব পাড়ায় একটি খাবারের হোটেল চালু করেন। সেখানে শহিদ পালের ভাইসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করে। বিষয়টি জানার পর তার ছেলেরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, পরে প্রতিপক্ষের লোকজন হোটেলে ভাঙচুর করে এবং তার ছেলেকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়, যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

এ ঘটনায় আইয়ুব খান নিজেও গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জটিলতার কারণে তার অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে তিনি জানান। ত্রুটি সংশোধন করে পুনরায় মামলা করা হবে বলেও তার দাবি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আহতের ভাই চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন। অপরপক্ষ থেকেও একটি অভিযোগ দেওয়া হয়েছিল, তবে তা ত্রুটিপূর্ণ হওয়ায় ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গুলির ঘটনার বিষয়ে কোনো তথ্য তাদের জানা নেই।
 

আরও পড়ুন

×