এক দল স্বাধীনতার বিরোধিতা করেছে, আরেক দল কিছুই করেনি: পরিবেশমন্ত্রী
দোয়া মাহফিলে কথা বলেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৮:০৬
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমরা যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুগামী-অনুসারী, আমাদের দায়িত্ব অন্য যেকোনো দলের চাইতে বেশি। একটা দল স্বাধীনতা করছে, কিন্তু তারা স্বাধীনতার জন্য তেমন কিছুই করেনি। স্বাধীনতা ঘোষণাও দেয়নি। আরেকটা দল সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে।’
শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কোনো দল যদি উন্নয়ন করতে পারে, তারাই পারবে, যারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যুদ্ধ করেছে। তাই দেশের উন্নয়নে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।’
দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদল নেতা নাসির উদ্দীন খোন্দকারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
- বিষয় :
- পরিবেশমন্ত্রী
- স্বাধীনতা
