ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিলমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলমালিক গ্রেপ্তার

চিলমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলমালিক গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৮:২৮

কুড়িগ্রামের চিলমারীর এক আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলমালিক মো. কবির মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নৌবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার অন্য আরেকটি উপজেলার বাসিন্দা ওই নারী স্বামী ও শিশু সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা রমনা ফেরিঘাট এলাকায় পৌঁছান। রাত হয়ে যাওয়ায় এবং নদীতে নৌকা চলাচল বন্ধ থাকায় তাঁরা ওই হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন। 

অভিযোগে বলা হয়েছে, রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী নারীর স্বামী খাবার কিনতে হোটেলের বাইরে গেলে হোটেলমালিক কবির মিয়া কক্ষে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। 

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শুক্রবার স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে সমাধান না হওয়ায় পুলিশকে খবর দেন তাঁরা।  

খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ভুক্তভোগী নারী, তাঁর স্বামী ও শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ঘটনার পর আত্মগোপনে থাকা অভিযুক্ত কবির মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×