ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে নওগাঁয় রানিং উৎসব

যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে নওগাঁয় রানিং উৎসব
×

ছবি: সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৮:৪২

যুবসমাজকে মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে রানিং উৎসব ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রানারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। শনিবার সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার এতে অংশগ্রহণ করেন। গত বছরের তুলনায় এবার আয়োজনের পরিসর ও অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিযোগিতায় ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার, ৫ কিলোমিটার মহিলা এবং ১ কিলোমিটার কিডস—এই চারটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হয়। পরে সকাল ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ৪ হাজার, দ্বিতীয় রানারআপকে ৩ হাজার, তৃতীয় রানারআপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানারআপকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেরা ১০ জন রানারকে দেয়া হয় বিশেষ ক্রেস্ট।

এছাড়া ৫ কিলোমিটার পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের ৩ হাজার টাকা, প্রথম রানারআপকে ২ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ শিশুকে দেয়া হয় অংশগ্রহণ স্মারক ক্রেস্ট। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ‘তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাণীনগরে এমন একটি বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।’

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কোঅর্ডিনেটর ডা. মো. রুমন হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনুসাব্বির আহমেদ।

সভাপতির বক্তব্যে ডা. মো. রুমন হোসেন বলেন, ‘রাইডোর মূল লক্ষ্য খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করা।আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন

×