কুসিকে ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতাকর্মীদের উপহার
পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হচ্ছে উপহার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২০:২৭
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসকের নির্দেশনা অনুসারে ৮ ঘণ্টার মধ্যেই নগরীর ২৭টি ওয়ার্ড থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এ উপলক্ষে ঈদুল আজহার দ্বিতীয় দিনে কুসিক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের জন্য দুটি গরু ও ১৩টি খাসি কোরবানি করা হয়। পরে তাদের মধ্যে এসব মাংস বিতরণ করা হয়।
কুসিক প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, মানবিক এই উদ্যোগের ফলে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সিটি করপোরেশন পরিবারের সবার মধ্যে। এমন উদ্যোগ যেন সব সময় পরিছন্নতাকর্মীদের জন্য নেওয়া হয়।
মাংস সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, এই প্রথম কুসিকের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সমকালকে বলেন, ‘সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত, তখন নগরী পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরা ছিলেন রাস্তায়। ঈদের দিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। কুসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আমিও রাস্তায় ছিলাম। সকলের সহায়তায় ৮ ঘণ্টার মধ্যেই নগরী থেকে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যক্তিগত উদ্যোগে তাদের মাংস উপহার দিয়েছি।’
