ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষকরা যত্নশীল হলে কোনো শিক্ষার্থী অনুত্তীর্ণ হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষকরা যত্নশীল হলে কোনো শিক্ষার্থী অনুত্তীর্ণ হবে না: শিক্ষামন্ত্রী
×

চাঁদপুরে ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৩:২২

শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকরা যদি নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং দায়িত্ব পালন করেন, তাহলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হবে না।

শনিবার চাঁদপুরে ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ গড়ে তোলার দিকেও শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। একই সঙ্গে অভিভাবকরাও সন্তানদের লেখাপড়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু শিক্ষার্থী ও তার পরিবারের জন্য নয়, জাতির জন্যও দুঃখজনক।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিটি বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম।

এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মনজুর আহমেদ সেলিম এবং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×