ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
×

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৪:০২

ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। রোববার দুপুরে চাঁদপুর নদীবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, বড় বড় ঘাটগুলোতে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি না হয়। পাশাপাশি ঘাট এলাকায় বিদ্যমান সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে।

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, প্রকল্পটির কিছু অংশ ইতোমধ্যে সম্পন্ন হলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ বন্ধ রাখায় তা এগোতে পারেনি। এ অবস্থায় নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ শেষ করা হবে, যাতে চাঁদপুর নদীবন্দর তার আগের ঐতিহ্য ফিরে পায়।

তিনি আরও বলেন, পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখা হচ্ছে, যাতে নৌপরিবহন ব্যবস্থায় গতি ও স্বাচ্ছন্দ্য ফিরে আসে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির নৌযান চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পুরোনো স্টিমারগুলো বারবার মেরামত করা হলেও বর্তমানে একটি সচল রয়েছে, বাকিগুলো নৌপথে চলাচলের উপযোগী নয়। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো বিকল্পভাবে কীভাবে জনসেবায় ব্যবহার করা যায়, তা নিয়েও চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য নৌযাত্রা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। নৌপথকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয় কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
 

আরও পড়ুন

×