চাঁদপুরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নিহত মো. জোহা। ছবি: সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৯:০৫
চাঁদপুর জেলা সদরের বাগাদী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মো. সাজ্জিল (২০)। আহত সাজ্জিল বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহা ওই এলাকার ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগনে। বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। জোহাদের গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করতেন তিনি। এ বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে জোহা এসএসসি পরীক্ষা দিয়েছেন। দুই ভাই-বোনের মধ্যে জোহা ছোট।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে বাইক নিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল চাঁদপুর-ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জোহা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, ট্রাকটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি খোঁজার চেষ্টা চলছে।
আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
- বিষয় :
- চাঁদপুর
- ট্রাকের ধাক্কায় নিহত
- এসএসসি
- পরীক্ষার্থী
