ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে: পরিবেশমন্ত্রী

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে: পরিবেশমন্ত্রী
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:১৭

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। আমাকে আল্লাহ এবং আমার দল যে দায়িত্ব দিয়েছেন, তা সুষ্ঠুভাবে পালন করব।’

রোববার বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে ইপিজেডের বর্জ্যে প্রাকৃতিক খালে দূষণ ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘গুইঙ্গাজুরি খালের পানিটা দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড অথরিটির সাথে কথা বলব। তারা কোন মন্ত্রণালয়ের অধীনে, তা বিবেচ্য বিষয় না। ইপিজেডের বর্জ্যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—এটা হতে দেওয়া যায় না। ইপিজেড যেমন দরকার, তেমনি সুষ্ঠু পরিবেশও দরকার।’

বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশেও ভালো পরিবেশ অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের খালের পানি যেন দূষিত না হয়, সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব। আমি যদি দায়িত্ব পালন না করি, তাহলে আমি তো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দেবেন।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত জেলা সদরের দক্ষিণাঞ্চলের কৃষক পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন

×