বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ০৪:৩৬
কুমিল্লার বরুড়া উপজেলার কাঁছিয়া পুকুরিয়া এলাকায় মানবিক ও সামাজিক সংগঠন ‘কাঁছিয়া পুকুরিয়া সেবাঘর ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে দিনব্যাপী উপজেলার কাঁছিয়া পুকুরিয়া বজলু মার্কেট সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক শাহেনশাহ হোসেন রাজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা এ. এম. মোতাহার হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাসিফুন নেওয়াজ শিহাব ভূঁঞা এবং বিদায়ী সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেনেসাঁ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. গোলাম সারওয়ার সুমন, অর্থোপেডিক্স সার্জন ডা. মিজানুর রহমান ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার কর্মকর্তা মো. কেফায়েত উল্লাহ জুয়েল ও তরুণ সমাজসেবক আহসান হাবিব।
বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক কাইয়ুম তোফায়েল মাকসুদ এবং অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক আবু হাসান খোকা। বক্তারা বলেন, সেবাঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তি ও পরীক্ষার ফি প্রদানে সংগঠনটির অবদান প্রশংসনীয়।
অনুষ্ঠানে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ আমানুল্লাহ আমান এবং ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মাজহারুল ইসলামকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার কয়েকশ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত খোকাকে সভাপতি এবং ব্যাংকার জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম সম্পাদক আবুল হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন এবং অর্থ সম্পাদক মো. আরমান উল্লাহ। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের মানবিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
- বিষয় :
- অনুদান
- মেডিকেল ক্যাম্প
