সড়কে থাকা খড়ে পিছলে পিকআপের নিচে মোটরসাইকেল, দুলাভাই-শ্যালক নিহত
ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২০:৪৪
জয়পুরহাটের ক্ষেতলালে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে সড়কে থাকা খড়ে মোটরসাইকেল পিছলে পড়ে পিকআপভ্যান চাপায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা চালকের স্ত্রী সুরাইয়া (১৯) গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা-খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম।
নিহতরা হলেন কালাই পৌরশহরের সড়াইল খন্দকারপাড়া মহল্লার তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) এবং তার শ্যালক কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের শামছুল হকের ছেলে ফেরদৌস হোসেন (১৩)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন খন্দকার তার স্ত্রী ও শ্যালক ফেরদৌসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালাই থেকে পাঁচবিবি পৌরশহরে খালার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা-খারিতা এলাকায় সড়কে শুকানোর জন্য রাখা খড়ের কারণে মোটরসাইকেলটি পিছলে সবাই রাস্তায় পড়ে যান। ঠিক ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমন খন্দকার মারা যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফেরদৌস হোসেন ও সুরাইয়াকে উদ্ধার করেন। ফেরদৌসকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়াকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত নারী চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- জয়পুরহাট
- ক্ষেতলাল
- মোটরসাইকেল দুর্ঘটনা
