সুন্দরবনে ৬ জেলেকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি জলদস্যুদের
ফাইল ছবি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০০:০৯
সুন্দরবনে যাওয়া ৬ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবদে খাল থেকে তাদের অপহরণ করা হয়।
জলদস্যুদের কবল থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে ওই জেলেদের তুলে নেওয়া হয়েছে। দস্যুরা মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে।
অপহৃত জেলেরা হলেন– শ্যামনগরের কুলতলী এলাকার দেলোয়ার খাঁর ছেলে ইয়াছিন খাঁ (৩২), আলমগীর খাঁ (৩৮), হরিনগরের আব্দুর রহিম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (৩৫), নুরুল হক গাজীর ছেলে কামরুল গাজী (৫০), আব্দুল গফুর গাজীর ছেলে শাহজাহান গাজী (৪৮) ও খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের রফিকুল গাজীর ছেলে শহীদুল গাজী (৪৬)।
শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামের ইসমাইল খাঁর ভাষ্য, দুই সহযোগীকে নিয়ে তিনি বনে গিয়েছিলেন মাছ শিকারে। রোববার রাতে তাঁর দুই সহযোগীকে জিম্মি করে জলদস্যুরা তাঁকে ডাকাডাকি করে। তিনি তাদের কাছে যেতে চাননি। পরে দস্যুরা তাঁকে ধরে নৌকার বৈঠা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। রক্তক্ষরণ নিয়ে পরিবারের সদস্যদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
ইসমাইল খাঁ বলেন, সুন্দরবনে শিকার বন্ধ হয়ে যাওয়ায় গতকাল সোমবার সকালে বাড়িতে ফিরে বন বিভাগের কাছে পাস জমা দেওয়ার কথা ছিল তাদের। অপহৃত জেলেদের মুক্তিপণের টাকা সোমবার বিকেলের মধ্যে পৌঁছাতে বলা হয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, এ বিষয়ে অপহৃত জেলেদের পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
