সন্দ্বীপে ভাঙনে উন্মুক্ত হয়ে পড়েছে সাবমেরিন কেবল
উন্মুক্ত হয়ে পড়েছে সাবমেরিন কেবল। সেখানে হাঁটাহাঁটি করছে স্থানীয়রা সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
সাগরের ভাঙনে উপরিভাগের মাটি সরে যাওয়ায় সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে দুটি সাবমেরিন কেবল উন্মুক্ত হয়ে পড়েছে। ভাটার সময় কেবল দুটির প্রায় ৪০ ফুট অংশ দেখা যাচ্ছে। বিদ্যুৎ পরিবাহী এই কেবলের ওপর স্থানীয় ছেলেদের হাঁটাহাঁটি করতে দেখা যায়।
গত শনিবার স্থানীয় এক তরুণ সাবমেরিন কেবল উন্মুক্ত হয়ে পড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে আপলোড করলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
জানা যায়, ২০১৮ সাল থেকে দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে একটি কেবলের মাধ্যমে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দুটি কেবলের স্থায়িত্বকাল ৫০ বছর।
স্থানীয়রা জানান, সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ল্যান্ডিং স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে সাগরের তীব্র স্রোতে ভাঙনের কারণে সাবমেরিন কেবল উন্মুক্ত হয়ে পড়ে। প্রায় ১৫ ফুট গভীর মাটির নিচ থেকে ১৮ ইঞ্চি ব্যাসের কেবল দুটি বেরিয়ে এসেছে। ভাটার সময় কেবল দুটির প্রায় ৪০ ফুট অংশ দেখা যাচ্ছে।
স্থানীয় ফয়সাল আলম বলেন, ‘ল্যান্ডিং স্টেশনের কাছেই সমতল ভূমি ভাঙনের কবলে পড়েছে। তীব্র স্রোতে মাটি সরে যাওয়ায় সাবমেরিন কেবল উন্মুক্ত হয়ে পড়েছে। ভাটার সময় এলাকার ছেলেরা কেবলের ওপর উঠে নাচানাচি করে, ভিডিও করে।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সন্দ্বীপের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী বলেন, ‘সাবমেরিন কেবল উন্মুক্ত হয়ে যাওয়ার বিষয়টি আমাদের নজরেও এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগের একটি চিঠির মাধ্যমে সাবমেরিন কেবল উন্মুক্ত হয়ে পড়ার বিষয়টি আমি জেনেছি। কেবলের নিরাপত্তায় পুলিশ ও আনসার-ভিডিপিকে নিরাপত্তা টহল বাড়ানোর জন্য বলা হয়েছে।’
- বিষয় :
- সাবমেরিন ক্যাবল
