চট্টগ্রামে সড়কের ওপর চামড়া, ছড়াচ্ছে দুর্গন্ধ
দাম না পেয়ে গত শুক্রবার চট্টগ্রাম নগরীর আমিন জুট মিল এলাকায় সড়কের ওপর পশুর চামড়া ফেলেন ব্যবসায়ীরা -সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
এবার চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ, সংগ্রহ করা হয়েছে ৪ লাখ ১১ হাজার ৪৪০টি চামড়া।
এদিকে, ঈদুল আজহার তিনদিন পর গতকাল সোমবার সকালেও নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কে কাঁচা চামড়া পড়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে আতুরার ডিপো থেকে আমিন জুট মিল অংশে সড়কের ওপর উন্মুক্ত চামড়া রাখায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দুর্গন্ধের কারণে পথ চলতে সমস্যার মুখে পড়েন পথচারীরা।
জানা গেছে, সিটি করপোরেশন কোরবানির পশুর চামড়া লবণজাত করার জন্য প্রথমে দুই দিন সময় দেয়। পরে ব্যবসায়ীদের অনুরোধে সময় আরও একদিন বাড়ানো হয়। সেই হিসাবে গত রোববার থেকে সড়কের ওপর চামড়া রাখার সুযোগ না থাকলেও সেটা মানা হয়নি। তবে কাঁচা চামড়ার আড়তদারদের দাবি, লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহ বেশি হওয়ায় গুদামে সেগুলো রাখার জায়গা নেই। তাই বাধ্য হয়ে রাস্তার ওপর চামড়া রাখা হয়েছে।
এবার সংগৃহীত চামড়ার মধ্যে গরুর চামড়া তিন লাখ ৪৫ হাজার ৬৯০টি, ছাগলের চামড়া ৫৩ হাজার ৮০০ ও মহিষের চামড়া ১১ হাজার ৯৫০টি। সংশ্লিষ্টরা জানান, নগরের আতুরার ডিপো কাঁচা চামড়া আড়তদার বহুমুখী সমবায় সমিতিভুক্ত ৩০-৪০ জন সদস্যাই মূলত এবার চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করেছেন। যদিও সমিতির সদস্য সংখ্যা ১১২ জন।
আড়তদার সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, ‘এবার শহরের চেয়ে উপজেলায় কোরবানি বেশি হয়েছে। গ্রামে কোরবানি হয়েছে দুই লাখ ৩১ হাজার ১৯০টি। শহরে এক লাখ ৮০ হাজার। উপজেলা পর্যায়ে লবণ দেওয়া চামড়াগুলোও শহরের গুদামে আনা হচ্ছে। ফলে কিছু চামড়া বাধ্য হয়ে বাইরে রাখতে হচ্ছে। আগামী ১০-১২ দিনের মধ্যে ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ শুরু করবেন।’
তাহেরাবাদ এলাকার বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘ঈদুল আজহার পর তিন-চারদিন ধরে মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় সড়কের ওপর চামড়া ফেলে রাখা হয়েছে। চামড়ার পচা দুর্গন্ধে পথ চলা কঠিন হয়ে পড়েছে। বাসাবাড়িতেও টেকা যাচ্ছে না।’
- বিষয় :
- চামড়া খাত
