ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘নিখোঁজ’ মহিষে আহত ১১, ধরে জবাই করল গ্রামবাসী

‘নিখোঁজ’ মহিষে আহত ১১, ধরে জবাই করল গ্রামবাসী
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৮:৩০ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০৯:১১

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১১ জনকে আহত করা একটি ‘পাগলা’ মহিষ জবাই করে মাংস বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে মহিষটির মালিক থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে গত রোববার হাইজাদী ইউনিয়নে উপজেলার উদয়দী গ্রামে ওই মহিষের আক্রমণে শিশুসহ অন্তত ১১ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৬ মে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামার থেকে একটি মহিষ নিখোঁজ হয়। সেটি গত রোববার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে গিয়ে স্থানীয়দের আক্রমণ শুরু করে। এতে শিশুসহ ১১ জন আহত হন। আহতরা হলেন- বড়ইকান্দি গ্রামের রাজিব মিয়া, বল্লভদী কান্দা এলাকার মাসুম মিয়া, আলমগীর হোসেন, দরিয়াবাদ এলাকার সাদমান হোসেন, মেহেদী হাসান, শরিফ মিয়া মো. জাকারিয়া, ইসমাইল হোসেন, ইব্রাহিম মিয়া এবং ফজলে রাব্বি। তাদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

এভাবে আক্রমণের পর স্থানীয়রা মহিষটি আটকে জবাই করে ফেলেন। পরে মাংস বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মহিষটির মালিক এতে রাজি না হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

মহিষটির মালিক আলী আকবর বলেন, মহিষটি খামার থেকে নিখোঁজ হওয়ার পর চরিদিকে সন্ধান করতে থাকি। পরে রোববার জানতে পারি মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। স্থানীয়রা আমাকে না জানিয়ে এটিকে জবাই করে ফেলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হচ্ছে।
 

আরও পড়ুন

×