ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিয়ানমারে পাচারকালে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০

মিয়ানমারে পাচারকালে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার)  প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৯:১৫

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারকারী দলের ২০ সদস্যকে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার নিয়মিত টহল পরিচালনার সময় সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে সন্দেহজনক গতিবিধির দুটি কাঠের ফিশিং বোট নজরে আসে নৌবাহিনীর। পরে ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়। তল্লাশিকালে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ২০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×