ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদক কারবারির সঙ্গে সখ্য

এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক্লোজড

এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক্লোজড
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ২২:৩৬

সাভারের আলোচিত মাদক কারবারি শামীম রেজার সঙ্গে সখ্যের অভিযোগে এবার ক্লোজড করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমানকে। গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক আদেশে তাকে ক্লোজড করা হয়।

অভিযোগ রয়েছে, শামীম রেজাকে গ্রেপ্তার করতে এসে নিজেই তার বেড়াজালে আটকে পড়েন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই পরিদর্শক। এরপর মাদক কারবারিদের সঙ্গে তার গড়ে ওঠে সখ্য। গ্রেপ্তার না করে ওই মাদক কারবারিকে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

সম্প্রতি ওই মাদক কারবারির আস্তানায় নিউজ করতে গিয়ে হামলার শিকার হন বেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিক। এরপর মাদক কারবারি শামীমকে আসামি করে সাভার থানায় মামলা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তাঁকে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হলেও তাতে ব্যর্থ হন পরিদর্শক মাসুদুর রহমান। এসব নানা অভিযোগে তাঁকে ক্লোজড করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বাধীন টিমের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে আঁতাত, অনিয়ম ও বিভিন্ন অভিযোগ উঠে আসছিল।

অভিযোগের বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।  

এর আগে একই ধরনের অভিযোগে সাভার থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছিল। 

আরও পড়ুন

×