ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাহাজভাঙা শিল্পের সংগঠন বিএসবিআরএর নির্বাচন স্থগিত

জাহাজভাঙা শিল্পের সংগঠন বিএসবিআরএর নির্বাচন স্থগিত
×

ছবি : সংগৃহীত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ২৩:৩৬

বাংলাদেশ শীপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে বিএসবিআরএ নির্বাচন বোর্ড-২০২৬-এর চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বুধবার (৩ জুন) অনুষ্ঠিতব্য বিএসবিআরএ নির্বাচন-২০২৬ সংক্রান্ত মহামান্য হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং-৬২০৪/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১ জুন প্রদত্ত আদেশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন-সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

তবে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী আমজাদ হোসেন চৌধুরী। তিনি দাবি করেন, আদালত নির্বাচন স্থগিত করার কোনো নির্দেশনা দেননি। তার ভাষ্য, একটি মহল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মহামান্য হাইকোর্ট আমার প্রার্থিতা বহাল রাখার পর তারা নিজেদের পরাজয় আঁচ করতে পেরে নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে নির্বাচন স্থগিত করেছে। যা আদালতের আদেশ উপেক্ষার করার শামিল।

আমজাদ হোসেন চৌধুরী আরও অভিযোগ করেন, শুরু থেকেই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করে আসছে। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়নে একটি নীলনকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। তার প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পরই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে আদালতের আদেশের যথাযথ প্রতিফলন ঘটেনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

×