ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’  উদ্বোধন
×

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক, রায়পুরার ইউএনও মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর প্রমুখ।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, আগের নকশা ও কাঠামো অনুসরণ করে ৩১ ফুট উচ্চতা ও ২২ ফুট প্রস্থের ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। যা আগে ছিল ১৬ ফুট উঁচু ও ১২ ফুট প্রস্থ। ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্ত করার জন্য গত ২০ জানুয়ারি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্য সাময়িকভাবে অপসারণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর।
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানের ঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন তিনি। তাঁর অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রামনগরে। তাঁর স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৮ সালে তাঁর গ্রামের বাড়িতে জাদুঘর নির্মাণ করা হয়। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ নির্মাণ করা হয়। ত্রিমুখী কালো পাথরের এই ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত। অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। সবার ওপরে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক হিসেবে একটি যুদ্ধ বিমানের ভাস্কর্য রয়েছে।

আরও পড়ুন

×