‘লস্কর ভাল-মন্দ খেয়ে নে, তোর মাথা বটগাছে ঝুলিয়ে রাখব’ লেখা চিরকুট উদ্ধার
চিরকুট হাতে পুলিশ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৭:৩৮
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বিএনপিকর্মীর বাড়ির দেয়ালের ওপর থেকে কাফনের কাপড়, গোলাপজল ও হত্যার হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসব সামগ্রী রেখে যায়।
ভুক্তভোগী লস্কর আলী বলিয়ারপুর গ্রামের এজেল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বিএনপি মাসুদ অরুন গ্রুপের সমর্থক।
চিরকুটে লেখা ছিল, ‘লস্কর তুই ভাল-মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। তোর মাথা বটতলায় বটগাছে ঝুলিয়ে রাখব। তুইসহ তোর পাশে যারা থাকে কাওকে ছাড়ব না। না,না। তোর সময় শেষ রেডি হ।’
স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘সকালে জানতে পারি রাতের আঁধারে কে বা কারা লস্করের বাড়ির দেয়ালের ওপর একটি পলিব্যাগে কাফনের কাপড়, গোলাপজল ও হুমকিমূলক চিরকুট রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।’
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বলিয়ারপুর গ্রামে বিএনপিকর্মীর বাড়ির দেয়ালের ওপর থেকে একটি প্যাকেটে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। কী কারণে এসব রাখা হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মেহেরপুর
- বিএনপি
- কাফনের কাপড়
- চিরকুট
