জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজার প্রতিনিধি ও জুড়ী সংবাদদাতা
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৯:৫১ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৯:৫৫
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জালাই ও পাথরটিলা এলাকায় ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শোক ও হাহাকারের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুচাই চা বাগান এলাকার চা শ্রমিকদের মালিকানাধীন গবাদিপশুগুলো মাঠে চরছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়।
মারা যাওয়া গবাদিপশুগুলোর মধ্যে কুচাই চা বাগানের চা শ্রমিক বুধুলাল মুন্ডার ২টি, চিনিলাল মুন্ডার ১টি, রবি মুন্ডার ৩টি, রাজন মুন্ডার ৩টি, কালাচাঁন মুন্ডার ২টি, বীরশা মুন্ডার ১টি, মকর মুন্ডার ১টি গরু এবং পাথরটিলা এলাকার কৃষক গাফফার মিয়ার একটি মহিষ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। তিনি জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বেশিরভাগই চা শ্রমিক। তাদের জীবিকা নির্বাহ ও আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা ছিল এসব গবাদিপশু। হঠাৎ এত বড় ক্ষতিতে তারা চরম দুর্দশার মধ্যে পড়েছেন। তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এদিকে স্থানীয়রা বিষয়টি মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যকে অবহিত করলে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকীন নুর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন।’
