ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় নিহত ২, আহত ৪

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় নিহত ২, আহত ৪
×

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২২:৪৭

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার বিকেল ৩টার দিকে মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মাহফুজ (৩৫) ও জামাল হোসেন (৩৬)। আহতরা হলেন চান মিয়া (৪০), সেলিম হোসেন (৩৫), বরকত হোসেন (৩২) ও জসিম উদ্দিন (৩৫)। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী তাদের কর্মযান নিয়ে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে কর্মযানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। 

বাসটির কয়েকজন যাত্রী অভিযোগ করেন, চালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের দাবি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।’

আরও পড়ুন

×