শ্রেণিকক্ষে বিএনপি নেতাকর্মীর তাস খেলার ভিডিও ভাইরাল
তাস খেলছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:৩৩
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে তাস খেলার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। গত সোমবার রাতে বিএনপির কয়েকজন নেতাকর্মী এই তাস খেলার আসর বসান বলে অভিযোগ উঠেছে।
২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ঘটনাটি জেলা বিএনপির নেতাদের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে শ্রেণিকক্ষের টেবিলের চারপাশে ঘিরে বসে তাস খেলছেন কয়েকজন। একজন সিগারেট টানছেন, আরেকজন শিক্ষকের চেয়ারে বসে তাস বিলি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই তাস খেলার আসর বসানো হয়। তাস খেলায় অংশ নেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম, ইউনিয়ন যুবদলের নেতা মাহবুব মেম্বার, বিএনপি কর্মী এরশাদ জামান ও রুবেল মিয়া। এ সময় বাইরে থেকে জানালা দিয়ে গোপনে কেউ একজন ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।
পুলিশ জানায়, দুলালপুর পশুর হাটের ইজারার হিসাবের কথা বলে বিদ্যালয়ের দপ্তরির কাছ থেকে চাবি নেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম। পরে তারা সেখানে বসে তাস খেলেছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত সটকে পড়েন তারা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা মাসুদ আলমের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি। তবে ভাইরাল ভিডিওতে যাদের তাস খেলতে দেখা গেছে, তারা বিএনপির নেতাকর্মী বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ফেসবুকে ভিডিওটি দেখার পর দলের জেলা কমিটির নেতাদের জানানো হয়েছে। এসব কাজ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ভিডিও ভাইরালের আগেই খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দপ্তরির কাছ থেকে হিসাবের কথা বলে চাবি নিয়ে বিএনপি নেতারা তাস খেলেছেন বলে জানতে পেরেছেন তারা।
