ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পঞ্চগড় সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির রাতভর বিশেষ অভিযান

পঞ্চগড় সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির রাতভর বিশেষ অভিযান
×

পুশইন ঠেকাতে বিজিবির রাতভর বিশেষ অভিযান। ছবি-সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৩:৪২ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৪:১০

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের আশঙ্কা মোকাবিলায় পঞ্চগড় সীমান্তে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় টহল, জনসচেতনতামূলক প্রচার এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের দায়িত্বাধীন পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ সীমান্তবাসীদের সম্পৃক্ত করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় হ্যান্ডমাইকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এ সময় স্থানীয়দের সন্দেহজনক ব্যক্তি বা কোনো অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিকে (বর্ডার আউট পোস্ট) জানাতে আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ব্যাটালিয়নের আওতাধীন সব কোম্পানি ও বিওপি এলাকায় টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন

×