সুন্দরবনে গুঁড়িয়ে দেওয়া হলো দস্যুদের আস্তানা
ফাইল ছবি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৫:৫৩
সুন্দরবনে জলদস্যু বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। গত বুধবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত নানা সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ। তিনি জানিয়েছেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আমুরবুনিয়া থেকে পালানোর সময় করিম শরীফ বাহিনীর সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। পাশাপাশি চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল ও একটি কাঠের বোট উদ্ধার করা হয়। এ সময় দস্যুদের একটি আস্তানাও ধ্বংস করা হয়।
কোস্টগার্ড জানায়, আটক বাচ্চু হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশ মোরেলগঞ্জের পিসি বাড়ইখালি এলাকায় অবস্থিত তার বাড়ি থেকে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। বাচ্চু দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
এসব সরঞ্জামসহ আল আমিন বাচ্চু হাওলাদারকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এ থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
- বিষয় :
- কোস্টগার্ড
- বাগেরহাট
- মোংলা
