ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু
×

নির্মাণাধীন ব্রিজ। ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৬:৪৯

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় একটি ব্রিজ নির্মাণকালে পাহাড়ের মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত দুই শ্রমিক হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ রাকিব। আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহানও একই উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের সড়কে পাহাড়ি পানি চলাচলের জায়গায় একটি ব্রিজ নির্মাণকাজ করছে লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওখানে পাহাড়ের পাশের মাটি কাটা হয়েছে। কাজ করার সময় পাহাড়ের মাটি ভেঙে ৩ শ্রমিক মাটিচাপা পড়েন। অন্য শ্রমিকরা ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়।

কালভার্টটির নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, ‘শ্রমিকেরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটিধসে দুজনের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই প্রায় এক মাস ধরে এই প্রকল্পে কাজ করে আসছেন।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘গুরুতর অবস্থায় তিন শ্রমিককে সদর হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

×