ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবাকে গালাগালি, প্রতিবাদ করায় ঢাবি ছাত্রকে মারধর

বাবাকে গালাগালি, প্রতিবাদ করায় ঢাবি ছাত্রকে মারধর
×

ফরিদপুরের নগরকান্দায় হামলার শিকার নিশান (বাঁয়ে)। বুধবার সন্ধ্যায় হামলার চিত্র (ডানে)। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২০:২৯

ফরিদপুরের নগরকান্দায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন স্থানীয় কিছু যুবক। এর প্রতিবাদ করেন ভুক্তভোগীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মলয় কান্তি বিশ্বাস নিশান (২৬)। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া মহল্লায় মহেন্দ্র নারায়ণ একাডেমি (এম.এন. একাডেমি) সংলগ্ন সড়কে এই হামলা হয়। 

আহত নিশান মধ্যজগদিয়া মহল্লার বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নলিনী কান্তি বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গত ২৬ মে বিকেলে নলিনী কান্তি বিশ্বাসের এক প্রতিবেশীর গাছ থেকে দলবল নিয়ে তাল পাড়তে যান নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদী মহল্লার বাসিন্দা আরমান হোসেন (৩২)। এ সময় নলিনী বিশ্বাস এতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আরমান ও তাঁর সহযোগীরা নলিনী বিশ্বাসকে গালাগালি শুরু করেন। এ সময় নিশান ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার অসদাচরণের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আরমান হোসেন তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।

নিশান বলেন, বুধবার সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন। এ সময় বাড়ির সামনের সড়কে একটি হাইয়েস মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। পরে আরমান হোসেন ও তাঁর সহযোগীরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে পেটাতে থাকে। এতে মাথা, হাত, পিঠসহ শরীরের নানা জায়গায় আঘাত পেয়েছেন। হামলাকারীরা তাঁর বন্ধু বিকাশ পালকেও পিটিয়েছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসমিমা আক্তার বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথার গুরুতর আঘাতে তিনটি সেলাই দিতে হয়েছে। তাঁকে অন্তত দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে বলেছিলেন। কিন্তু বাসা কাছে হওয়ায় চলে গেছেন।

এ অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার আরমানের মোবাইল ফোনে কল দিলে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আপনি আমার সামনে এসে বক্তব্য নিয়ে যান।’

নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী থানায় মৌখিক অভিযোগ করেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। 

আরও পড়ুন

×