ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়: ৫ পরিবহনকে ৪৫ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়: ৫ পরিবহনকে ৪৫ হাজার টাকা জরিমানা
×

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২০:৩০

ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জয়পুরহাটে দূরপাল্লার ঢাকাগামী পাঁচটি পরিবহনকে মোট ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের পাঁচুর মোড় ও পাঁচবিবি বাস টার্মিনালে পরিবহন কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে হাতেনাতে এ জরিমানা আদায় করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এসব কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত পরিবহনগুলো হলো—আহাদ এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা, এস আই পরিবহন ১০ হাজার টাকা, যমুনা লাইন ১০ হাজার টাকা, সেলফি পরিবহন ১০ হাজার এবং সামি পরিবহনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদ শেষে কর্মক্ষেত্রে যোগদান করতে ঢাকায় ফিরতি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকাগামী পরিবহনগুলোকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলবে।’ 

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের আরেক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া এবং জয়পুরহাট বিআরটিএ মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×