গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, নারীসহ আটক ৪
প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২১:৫১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে তিনটি গরুসহ একটি ট্রাক আটক করেন স্থানীয় লোকজন। এ সময় ট্রাকে থাকা তিন ব্যক্তির কথাবার্তায় গরমিল পেয়ে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। পরে পুলিশ উপজেলার কাঞ্চনপুর গ্রামে অভিযান চালিয়ে আরও তিন গরুসহ এক নারীকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন– তানজিরুল, আল আমিন, গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী নাসরীন বেগম।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি ট্রাকে তিনটি গরু নিয়ে তিন ব্যক্তি উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে বড়ইবাড়ী-সফিপুর সড়ক দিয়ে সফিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ট্রাকটি ওই সড়ক দিয়ে সিনাবহ বাজারে এসে একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এতে ট্রাকে থাকা চালকসহ তিনজনের কথাবার্তায় গরমিল দেখে স্থানীয়রা তাদের গরুচোর সন্দেহে রশি দিয়ে বেঁধে গণপিটুনি দেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাক থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। পরে ওই তিনজনের দেওয়া তথ্যমতে পুলিশ উপজেলার বড় কাঞ্চনপুরে গোলাম মোস্তফার বাড়ির পেছনের জঙ্গলে বাঁধা অবস্থায় আরও তিনটি গরু উদ্ধার করে। আটক করা হয় মোস্তাফার স্ত্রী নাসরিন বেগমকে।
স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা পেশায় কসাই। তাঁর বিরুদ্ধে চোরাই গরু কিনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ৬টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গরুগুলোর প্রকৃত মালিকের সন্ধান চলছে।
এর আগে গত ৯ মে ভোরে উপজেলার বাগচালা এলাকায় এলাকাবাসীর গণপিটুনিতে চোরচক্রের তিন সদস্য নিহত হন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয় এলাকাবাসী।
