শৈলকুপায় পৃথক সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত
প্রতীকী ছবি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২২:০২
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএলকে এলাকায় এ সংঘর্ষ হয়। একই দিন দিগনগর ইউনিয়নের সিংনগর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষে পাঁচজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বিএলকে এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কফিল উদ্দিনের বিরোধ চলছে। দুই পক্ষের লোকজন এসব নিয়ে অতীতেও কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন। পুরোনো ঘটনার জেরে গতকাল সকালে মতিয়ার রহমান ও কফিল উদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে আব্বাস মণ্ডল, অংকন, রবিউল হোসেন, তাসিম শেখ, গিয়াস উদ্দিন, হাবিব মোল্যা, সাকিব হোসেন, লিয়াকত আলী, আকিজ মোল্যা, আনিচ মোল্যা, সানজু, আব্দুল কাদের, মোশারফ হোসেন, খায়রুল ইসলাম, সাহিদুর ইসলামের নাম জানা গেছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের অভিযোগ, ইউপি সদস্য কফিল উদ্দিনের সমর্থকরা তাঁর সমর্থকদের বাড়িঘরে প্রথমে হামলা চালায়। তাঁর সমর্থকরা আত্মরক্ষার চেষ্টা করেন।
পাল্টা অভিযোগ তুলে ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে মতিয়ার রহমানের সমর্থকরা হঠাৎ সকালে তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়।
সিংনগর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধে আলামিন, হাসানুর রহমানসহ পাঁচজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আলামিনের কান বিচ্ছিন্ন হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বিএলকে এলাকার সংঘর্ষ পুলিশ নিয়ন্ত্রণে আনে বলে জানান শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ। তিনি জানান, সামাজিক বিরোধে এই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
- বিষয় :
- ঝিনাইদহ
- শৈলকুপা
- আহত
- দুই পক্ষের সংঘর্ষ
