ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চারঘাটে কোরবানির চামড়া সংরক্ষণ

কোথাও বরাদ্দের লবণ বিক্রি কোথাও গলে নষ্ট

২৫ মাদ্রাসা-এতিমখানায় প্রায় ৯ টন লবণ বরাদ্দ করে প্রশাসন

কোথাও বরাদ্দের লবণ বিক্রি কোথাও গলে নষ্ট
×

চারঘাটের চাঁদপুর এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় লবণের বস্তা থেকে ঝরছে পানি

সনি আজাদ, চারঘাট (রাজশাহী)

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:৪০

| প্রিন্ট সংস্করণ

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগ চারঘাটে কার্যত মুখ থুবড়ে পড়েছে। উপজেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে বিনামূল্যে প্রায় ৯ টন লবণ বিতরণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠান কোনো চামড়াই সংগ্রহ করেনি। কোথাও বরাদ্দ পাওয়া লবণ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও ফেলে রাখায় তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সরকারের ব্যয়ে বিতরণ করা লবণের বড় একটি অংশ ব্যবহারের সুযোগই পায়নি। চামড়ার বাজারে অস্বাভাবিক দরপতন, জনবল সংকট এবং সংরক্ষিত চামড়া বিক্রিতে আগের তিক্ত অভিজ্ঞতার কারণে প্রতিষ্ঠানগুলো এবার চামড়া সংগ্রহ থেকে দূরে থেকেছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চারঘাট উপজেলার ২৫টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১৮০ বস্তা বা প্রায় ৯ টন লবণ বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি লবণ। ঈদের প্রায় এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়। ঈদের পর বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, দু-একটি ব্যতিক্রম ছাড়া কোথাও চামড়া সংরক্ষণ করা হয়নি। অধিকাংশ হাফিজিয়া মাদ্রাসা ঈদের আগেই ছুটি হয়ে যাওয়ায় সেগুলো এখনও বন্ধ রয়েছে। ফলে চামড়া সংগ্রহ কিংবা সংরক্ষণের কোনো কার্যক্রম চোখে পড়েনি।

উপজেলার সবচেয়ে বড় এতিমখানা চাঁদপুর এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় ১০ বস্তা লবণ বরাদ্দ দেওয়া হলেও প্রতিষ্ঠানটির সভাপতি মো. মকবুল হোসেন জানান, তারা ৯ বস্তা লবণ পেয়েছেন। নানা কারণে এবার চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়নি। ফলে লবণগুলো একটি কক্ষে স্তূপ করে রাখা হয়েছে।

অন্যদিকে বড়বড়িয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গত বছর চামড়া সংরক্ষণ করে লোকসানে পড়তে হয়েছিল। তাই এবার চামড়া সংগ্রহ না করে বরাদ্দ পাওয়া লবণ বিক্রি করে মাদ্রাসার তহবিলে টাকা জমা রাখা হয়েছে।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, চারঘাটে মোট ৪৭টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিষ্ঠানে ১৮০ বস্তা লবণ সরবরাহ করা হয়। প্রতি বস্তা লবণের দাম ৭৫০ টাকা হিসাবে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
চামড়া ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, এ বছর ছাগলের চামড়া ২০ থেকে ৫০ টাকা এবং গরুর চামড়া ৪০০ থেকে ৭০০ টাকায় কেনাবেচা হয়েছে। অনেক ক্ষেত্রে সঠিক সংরক্ষণ না হওয়ায় প্রত্যাশিত দামও পাওয়া যায়নি।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের চারঘাট উপজেলা সাধারণ সম্পাদক সজীব ইসলাম বলেন, সরকার লবণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করলেও মাঠপর্যায়ে কার্যকর তদারকির অভাব, চামড়ার কম দাম এবং জনবল সংকটের কারণে পুরো উদ্যোগটি ব্যর্থ হয়েছে। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। ফলে সরকারি অর্থে বিতরণ করা লবণের যথাযথ ব্যবহার এবং ভবিষ্যতে এমন কর্মসূচির বাস্তব ফলাফল নিশ্চিত করার প্রশ্ন সামনে চলে এসেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. তানভীর আনজুম অনিক বলেন, ঈদের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্তদের চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় লবণও সরবরাহ করা হয়। তবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। কোথাও অব্যবস্থাপনা হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান বলেন, ‘চারঘাটের বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি। ভবিষ্যতে চামড়া সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।’

মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ একাডেমির পরিচালক হাফেজ খালিদ বিন আজিবার জানান, তারা ২০ থেকে ২৫টি চামড়া সংগ্রহ করেছিলেন। তবে সংরক্ষণে ত্রুটির কারণে সেগুলোও শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। লবণের অবশিষ্ট অংশ এখনও মাদ্রাসায় রয়েছে। প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন করে প্রশিক্ষণ পেয়েছেন। ঈদের আগে ছুটি হওয়ায় তারাও বাড়ি চলে গিয়েছিলেন। চামড়া সংরক্ষণে অভিজ্ঞ কেউ ছিল না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ঈদের পর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কার্যক্রম পর্যবেক্ষণে কিছু সীমাবদ্ধতা ছিল। তবে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে চামড়া সংরক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×