ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাবেক স্ত্রীর বাড়িতে অগ্নিদগ্ধ সেই যুবকের মৃত্যু

সাবেক স্ত্রীর বাড়িতে অগ্নিদগ্ধ সেই যুবকের মৃত্যু
×

ফাইল ছবি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২১:৩৯

যশোরের অভয়নগর উপজেলায় সাবেক স্ত্রীর বাড়িতে ডেকে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ যুবক রুবেল হোসেন (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। 

অভিযোগে জানা গেছে, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন আগে স্ত্রী পারভীন আক্তারের বিয়েবিচ্ছেদ হয়। ঈদের আগে পারভীন মোবাইল ফোনে রুবেলকে তাদের দুই সন্তান রিফাত (১৫) ও আরাফাতকে (৩) তাঁর কাছে পাঠানোর অনুরোধ করেন। পরে রুবেল সন্তানদের মায়ের কাছে পাঠিয়ে দেন।

ঈদের পরদিন ২৯ মে সকালে সন্তানদের দেখতে সাবেক স্ত্রী পারভীনের বাবার বাড়ি উপজেলার বাহিরঘাট গ্রামে যান রুবেল। সেখানে পৌঁছানোর পর তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে পারভীন ও তাঁর স্বজনরা রুবেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রাণ বাঁচাতে দগ্ধ অবস্থায় রুবেল পাশের একটি মাছের ঘেরে ঝাঁপ দেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

নিহত রুবেলের ভাই জিয়াউর রহমান বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ ঘটনায় জিয়াউর রহমান অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন

×