দিনের ভাড়া রাতে দ্বিগুণ
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:২১
| প্রিন্ট সংস্করণ
ফেনীর সোনাগাজীর অভ্যন্তরীণ সড়কে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশায় ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। ঈদুল আজহা উপলক্ষে চালকেরা ‘সেলামি’র নামে ভাড়া বাড়ালেও এখনও কমেনি সেই ভাড়া। দিনে যে ভাড়া নেওয়া হয় রাতে সেই ভাড়া দ্বিগুণ আদায় করা হয়। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, ঈদযাত্রাকে পুঁজি করে চালকদের হাতে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন।
ভুক্তভোগী যাত্রী ও অটোরিকশার চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্যানুযায়ী, সোনাগাজী থেকে ফেনী শহরের দূরত্ব ২০ কিলোমিটার। এ সড়কে ঈদের আগে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রীর জনপ্রতি ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করে দেয় প্রশাসন ও শ্রমিক সংগঠন। কিন্তু চালকেরা তা অমান্য করে জনপ্রতি ৫০ টাকা আদায় করতেন। ঈদের আগে থেকেই সেই ভাড়া দিনে ৬০ টাকায় উন্নীত করেন চালকেরা। রাতে তারা ৮০-১০০ টাকা আদায় করতেন।
জানা যায়, উপজেলা সদর থেকে ডাকবাংলো পর্যন্ত আগে ভাড়া ছিল ১০ টাকা। এখন আদায় করা হচ্ছে ৩০ টাকা। আমির উদ্দিন মুন্সিরহাট থেকে ডাকবাংলো পর্যন্ত ভাড়া ১৫ টাকা হলেও আদায় করা হচ্ছে ৪০ টাকা। সোনাগাজী পৌর শহর থেকে সোনাপুর বাজারের ভাড়া ২০ টাকার জায়গায় নেওয়া হচ্ছে ৪০ টাকা। সোনাগাজী থেকে মুহুরী প্রকল্প এলাকা পর্যন্ত ভাড়া ৪০ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ৮০-১০০ টাকা।
এ ছাড়া উপজেলার প্রায় সব সড়কে সিএনজি ও ইজিবাইকের চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, বাড়তি ভাড়া নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যাত্রীরা চালকদের কাছে এক রকম জিম্মি। সড়কে গণপরিবহন কম থাকায় দুর্ভোগের শেষ হচ্ছে না।
সোনাগাজী পৌর শহরের ব্যবসায়ী আকবর হোসেনকে প্রতিদিন ফেনী যাতায়াত করতে হয়। তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছ থেকে জোর করে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। রাত ৮টার পর ৫০ টাকার ভাড়া হয়ে যায় ৮০-১০০ টাকা। এসব নৈরাজ্য দেখার যেন কেউ নেই। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
চাকরির জন্য প্রতিদিন ফেনী থেকে সোনাগাজীতে আসা-যাওয়া করতে হয় কামাল উদ্দিনকে। তিনি গতকাল বুধবার সমকালকে বলেন, সকালে ৫০ টাকা দিয়ে সোনাগাজী আসেন। কিন্তু রাতে ফেরার পথে ৮০-৯০ টাকা পর্যন্ত ভাড়া গুণতে হয়। ঈদের সময় এই ভাড়া আরও বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে চালকেরা গালাগালি করে। এ ছাড়াও নানাভাবে যাত্রীদের হয়রানি করে থাকে।
সোনাগাজী সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি নুরুল হুদার ভাষ্য, সোনাগাজী-ফেনী সড়কে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি তাদের নজরে এসেছে। সংগঠনের পক্ষ থেকে চালকদের অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করা হয়েছে। ফেনী থেকে সোনাগাজী পৌর শহর পর্যন্ত অটোরিকশায় পাঁচজন যাত্রীর জনপ্রতি ভাড়া ৫০ টাকা। কোনো চালকের বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক চালক তাদের কথা শোনেন না বলেও দাবি করেন তিনি।
সোনাগাজী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন বলেন, সিএনজিচালিত অটোরিকশার কারণে বাসের যাত্রী কমে গেছে। এ কারণে লোকসানে পড়েন বাস মালিকরা। বাধ্য হয়ে তারা ফেনী শহর থেকে বাসস্ট্যান্ড সরিয়ে মহিপালে নিয়ে গেছেন। এতে করে অটোরিকশা চালকদের নৈরাজ্য আরও বেড়েছে। তারা যাত্রীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। তবে জনগণ চাইলে এখন আবারও ফেনী শহর থেকে দিন-রাতে বাস সার্ভিস চালু করতে প্রস্তুত মালিক সমিতি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে অটোরিকশাসহ কিছু গাড়ির যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি শুনেছেন। তিনি শ্রমিক সংগঠন ও চালকদের অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করেছেন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ইউএনও রিগ্যান চাকমা বলেন, অতিরিক্ত ভাড়া না নিতে এর আগেও সিএনজি চালকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।
- বিষয় :
- ভাড়া বৃদ্ধি