বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
নিহত আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১০:০০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের কাঠেরপুল এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে কাঠেরপুল আজগর আলী মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির মিয়া কাঠেরপুল এলাকার আলমগীর মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, আনোয়ার হোসেন ও সাব্বির মিয়ার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাব্বির আনোয়ারকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই সাব্বির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত আনোয়ারকে কুটি-চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো চিকিৎসক না থাকায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মিশকাতুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- ছুরিকাঘাতে খুন
