আর্জেন্টিনা সমর্থকদের চিকিৎসায় বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা ডেন্টাল চিকিৎসকের
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন। ছবি: সংগৃহীত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১২:১৭
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন আর্জেন্টিনা সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক সুবিধা ঘোষণা করেছেন। গত ৫ জুন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা থাকবে।
ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আসা রোগীরা বিনামূল্যে দাঁত ও মুখের রোগের চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসায় বিশেষ ছাড়ও দেওয়া হবে।
ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, খেলাধুলা মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতি তৈরি করে। তিনি আরও বলেন, চিকিৎসার পাশাপাশি মানুষের সুস্থতা ও সুন্দর হাসি নিশ্চিত করাও তার লক্ষ্য।
তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা ধরনের অফার দেখা গেলেও একজন চিকিৎসকের এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- তাহিরপুর
- আর্জেন্টিনা
- সমর্থক
