ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু
×

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৭:৪০ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৮:২২

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌর গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গামারিয়া মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মনোয়ার হোসেন ঢাকায় কাজ করতেন। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে এসেছিলেন। শনিবার সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ৬টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন অতিক্রম করে জিল বাংলা চিনিকল এলাকার গাবতলী রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে মনোয়ার চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বিদ্যুৎ জানান, মনোয়ার ঢাকায় থেকে কাজ করতেন এবং ঈদের আগে বাড়িতে এসেছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্টেশনে ট্রেন ধরার পরিবর্তে গাবতলী রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘চলন্ত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে মনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরও পড়ুন

×