অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ৮ পরিবহনকে জরিমানা
ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৮:৩৭
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ৮টি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে কড্ডার মোড় ও বাজার স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কড্ডার মোড়ে সড়ক পরিবহন আইনে পাঁচটি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়া হয়। অন্যদিকে বাজার স্টেশন এলাকায় তিনটি বাস কাউন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এসআই পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেনিন পরিবহন ও সেবা লাইন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পপি পরিবহন, ঢাকা এক্সপ্রেসসহ আরও চারটি পরিবহন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জের যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যা ব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
- বিষয় :
- জরিমানা
- ভাড়া বৃদ্ধি
