টেকনাফে মানব পাচারের সময় উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী
ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৮:৫৬
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
শনিবার দুপুরে টেকনাফের কেরুনতলী এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টেকনাফ উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, শাহপরীর দ্বীপ আউটপোস্ট ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে বাহারছড়া উপকূলের অদূরে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশিতে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫০ জনকে উদ্ধার এবং মানব পাচারের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন ও দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজন সংগ্রহ করত। পরে তাদের টেকনাফের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে সুযোগ বুঝে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হতো।
ভুক্তভোগীদের অভিযোগ, পাচারকারীরা তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। কয়েকজনকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে আটকে রাখার তথ্যও পাওয়া গেছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, ‘উদ্ধার হওয়া ভুক্তভোগীদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের কার্যক্রম চলছে। পাশাপাশি আটক মানব পাচারকারী এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মানব-মাদক পাচার, অবৈধ অভিবাসন ও সমুদ্রপথে সংঘটিত অপরাধ দমনে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।’
- বিষয় :
- মানব পাচার
- আটক
