চট্টগ্রাম বন্দর
নতুন করে আলোচনায় এনসিটি, ১ দিনে ২ চিঠি মন্ত্রণালয়ের
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৮:২৭ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১০:২৭
| প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তী সরকারের শেষ দিকে স্থগিত হওয়া নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয়েছে তৎপরতা। গত বৃহস্পতিবার এক দিনেই বন্দরে দুই ধরনের চিঠি পাঠিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ কিংবা বাতিল করার কথা বলা হয় চট্টগ্রাম বন্দরে সকালে পাঠানো এক চিঠিতে। একই দিন বিকেলে পাঠানো হয় আরেকটি চিঠি। সেখানে আবার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এক দিনে এমন দুই চিঠি আসাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে এনসিটি। নতুন করে তৎপর হয়েছে বন্দর কর্তৃপক্ষও। তারা শুক্রবার বন্ধের দিনই মূল্যায়ন কমিটি গঠনের চিঠি দেয় নৌ মন্ত্রণালয়কে। দরকষাকষি কার্যক্রম সম্পন্ন করার জন্য এমন চিঠি দেওয়া হয়। এতে সাত সদস্যের মূল্যায়ন কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধও জানানো হয়।
তবে বন্দর কর্তৃপক্ষের কেউ এটা নিয়ে সরাসরি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। নৌপরিবহন সচিব মো. জাকারিয়া বলেন, প্রথম চিঠি দেওয়া হয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ থেকে পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে। বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে নির্দেশনা চাইলে দ্বিতীয় চিঠি দিয়ে তাদের দরকষাকষি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে নতুন করে কোনো পরিবর্তন বা অগ্রগতি নেই।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় টার্মিনালটি ২০২৪ সালের ৭ জুলাই থেকে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেডকে (সিডিডিএল) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তারা দায়িত্ব পাওয়ার পর ধারাবাহিকভাবেই এটির হ্যান্ডলিং বাড়ছে। সর্বশেষ গত মাসে এক লাখ ২৬ হাজার একক কনটেইনার পরিবহন করে সব রেকর্ড ভেঙেছে সিডিডিএল। এর আগে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক টার্মিনালটি পরিচালনা করেছিল।
এনসিটি ডিপি ওয়াল্ডের্র কাছে দীর্ঘ মেয়াদে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়। তখন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জিটুজি) প্রক্রিয়ার আওতায় এ আলোচনা চলে। পরে এটি টেনে নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু শ্রমিক অসন্তোষের কারণে অন্তর্বর্তী সরকার এনসিটি ইজারা প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে গত ৯ ফেব্রুয়ারি। এখন আবার সেই আলোচনা এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার।
