ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিকেও সাবদারপুর স্টেশন থেকে ফিরে যেতে হয়েছে। ছবি: সমকাল
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১০:৫৮ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১১:০১
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনে আবারও একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনা, রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা খুলনা-ঈশ্বরদী-পার্বতীপুরগামী ‘সেভেন আপ’ তেলবাহী ট্রেনটি সাবদারপুর স্টেশনে প্রবেশের সময় তিনটি তেলবাহী বগি ও একটি গার্ড ব্রেকসহ মোট চারটি বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত চারটি বগি ঘটনাস্থলে রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার কারণে খুলনা থেকে রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অনেক যাত্রীকে স্টেশন থেকে ফিরে যেতে দেখা গেছে। কেউ কেউ বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রেনের তিনটি বগি ও গার্ড ব্রেক লাইন থেকে ছিটকে পড়েছে। এ সময় রেললাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। তিনি বলেন, গত ২২ মে একই স্থানে চিটাগুড়বাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিকেও সাবদারপুর স্টেশন থেকে ফিরে যেতে হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মে একই স্টেশনের একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী চিটাগুড়বোঝাই একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছিল।
সাবদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল (নয়ন) বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
- বিষয় :
- ঝিনাইদহ
- ট্রেন লাইনচ্যুত
