ময়মনসিংহে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খাদে, ধোবাউড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
কংস নদীর ওপর একটি বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খাদে পড়ে গেছে। ছবি: সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১১:৫৭ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১২:১৪
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কংস নদীর ওপর একটি বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ধোবাউড়া উপজেলার সঙ্গে ময়মনসিংহ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার ভোররাতে উপজেলার গোয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় কোনো যাত্রীবাহী যানবাহন না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০ বছর ধরে বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
দুর্ঘটনার পর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই সড়কে নিয়মিত বালুবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তাদের দাবি, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্থানীয় বাসিন্দা এম সায়েম বলেন, ব্রিজটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন জানান, সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল এবং বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত মেরামত ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মন্ডল জানান, সেতুটি এখন আর তাদের অধীনে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ময়মনসিংহ
- যোগাযোগ বিচ্ছিন্ন
- বেইলি ব্রিজ
- ধোবাউড়া
