৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ফরিদপুর মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের
সকাল সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৩:৫৩
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘অযৌক্তিক ও চিকিৎসা বিরোধী সিদ্ধান্ত’-এর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে চিকিৎসক সমাজ ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিও তারা জানিয়েছেন।
রোববার সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের সভাপতি ডা. সাকিব হাসান লস্কর বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
সকাল সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে ইন্টার্ন চিকিৎসক, মিড-লেভেল চিকিৎসক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালা সংক্রান্ত কমিটি বাতিল, বিএমইউ ও বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০-১০০০ টাকায় আনা, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ট্রেইনি চিকিৎসকদের ৯ম গ্রেডের সমপর্যায়ের বেতন কাঠামো নিশ্চিত করা।
এছাড়া স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
