ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

কুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
×

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৬:২৮ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৬:৫৮

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ইন্টার্ন চিকিৎসকরা। আজ রোববার দুপুর ১২টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। 

এর আগে টানা দুইদিন একই দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নিয়মিত শিক্ষার্থীরাও দুপুরের পর থেকে সব ধরনের ক্লাস বর্জন করেছেন। 

আন্দোলনকারীরা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এছাড়াও বিভিন্ন দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি কুমেক হাসপাতালে প্রশিক্ষণরত এফসিপিএস চিকিৎসকরাও কর্মবিরতিতে গেছেন। 

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা বলেন, কর্তৃপক্ষ তাদের মূল সমস্যাগুলো সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

৬ দফা দাবির মধ্যে রয়েছে, এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো। 

আন্দোলনকারীরা জানান, যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে বৈষম্য করছে সরকার। এ বৈষম্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। একইসঙ্গে যতদিন ৬ দফা দাবি বাস্তবায়িত না হবে আন্দোলন চালবে তারা জানান ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় বক্তব্য রাখেন- ডা. হাসান জোবায়ের, ডা. রেন হায়াত খান, ডা. মিনহাজুল ইসলাম মিরাজ, ডা. আসিফ মোস্তফা, ডা. নাজমুল গাজী। 

এ দিকে ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি কুমেক হাসপাতালে প্রশিক্ষণরত এফসিপিএস চিকিৎসকরাও বিভিন্ন দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ায় কুমেক হাসপাতালে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করে কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান দুপুরে সমকালকে বলেন, হাসপাতালে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া হচ্ছে। কর্মবিরতিতে বড় কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সকল সরকারি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×