ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

অপহরণের অভিযোগে কলমাকান্দায় দুই ভুয়া পুলিশ আটক

অপহরণের অভিযোগে কলমাকান্দায় দুই ভুয়া পুলিশ আটক
×

ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:০২ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৭:৫৭

নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে এনে কলমাকান্দায় আটকে রাখার অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সিজন মিয়া (৩৫) ও সুজাত মিয়া (৩৩)। উদ্ধার হওয়া যুবক সোহরাব হোসেন (২৮) বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ারেছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আসে। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়। দুপুরে স্থানীয়রা সিজন মিয়া ও সুজাত মিয়াকে এবং তাদের সঙ্গে থাকা সোহরাব হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ী বাজার এলাকা থেকে দুইজনকে আটক করে এবং সোহরাব হোসেনকে উদ্ধার করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে আটক দুই ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক এবং বারহাট্টা থেকে নিয়ে আসা সোহরাব হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

×